২৫ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় অনুমোদন ভারতের

Printed Edition

রয়টার্স

ভারত প্রায় ২৫ বিলিয়ন ডলারের সমরাস্ত্র কেনার প্রস্তাব অনুমোদন করেছে। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও বিভিন্ন আধুনিক অস্ত্র অন্তর্ভুক্ত এই ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিএসি), যার সভাপতিত্ব করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবাহিনীর জন্য পরিবহন বিমান, এস-৪০০ দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, দূর-নিয়ন্ত্রণযোগ্য স্ট্রাইক এয়ারক্রাফট এবং সু-৩০ যুদ্ধবিমানের অ্যারো ইঞ্জিন ও যন্ত্রাংশ সংস্কারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এএন-৩২ ও আইএল-৭৬ পরিবহন বহরের পরিবর্তে মাঝারি পরিবহন বিমান অন্তর্ভুক্ত হলে সশস্ত্রবাহিনীর কৌশলগত, ট্যাকটিক্যাল ও অপারেশনাল এয়ারলিফট চাহিদা পূরণ হবে।

বিবৃতিতে বলা হয়েছে, এস-৪০০ ব্যবস্থা আকাশপথে শত্রুর আক্রমণ মোকাবেলা করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষিত রাখবে। অন্য দিকে দূর-নিয়ন্ত্রণযোগ্য স্ট্রাইক এয়ারক্রাফট আক্রমণাত্মক পাল্টা অভিযান ও সমন্বিত আকাশ অভিযান পরিচালনায় সক্ষমতা বাড়াবে।