শহীদচিত্র প্রদর্শনী উদ্বোধন
সরকারের কাছে শাপলা হত্যাকাণ্ডের বিচার দাবি মামুনুল হকের
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
‘শাপলার শহীদচিত্র : অদেখা সত্যের ফ্রেম’ শিরোনামে জাতীয় জাদুঘরে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় তিনি বলেন, শাপলা চত্বর আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণকারী একটি ঘটনা। আগামী প্রজন্মের কাছে শাপলাকে পৌঁছে দিতে হবে। চব্বিশের আন্দোলনের ভিত ছিল ১৩ সালের শাপলা আন্দোলন। শাপলা ও জুলাই আন্দোলন অবিচ্ছিন্ন হয়ে রয়েছে। ৫ মে শাপলা আন্দোলনের জমাট রক্তের পাটাতনের ওপরেই দাঁড়িয়ে আছে ২৪ শের আন্দোলন। সরকারের কাছে শাপলার গণহত্যার বিচার দ্রুত করার দাবি জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে প্রদর্শনী উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, আগামী রাজনীতির বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছিল ১৩ সালের শাপলা চত্বরে। শাপলার ইতিহাস ও বীর শহীদদেরকে এ জাতির সামনে তুলে ধরা বর্তমান প্রজন্মের দায়িত্ব।
অনুষ্ঠানে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, এখনো যেন কেন আমাদের জাতির বিবেক নাড়া দিচ্ছে না। আশাবাদী হয়েছিলাম ইন্টেরিম সরকারের সময় শাপলার গণহত্যার বিচার হবে, তার কোনো প্রতিফলন দেখতে পাইনি।