মাতুয়াইলে হচ্ছে ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

Printed Edition

প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি ও গ্রিন সিটি’ ভিশন বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও বৈজ্ঞানিক ভিত্তিতে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নগর ভবনে ডিএসসিসি প্রশাসক মো: আবদুস সালামের সাথে কোরিয়ান প্রতিষ্ঠান বি এন্ড এফ কোম্পানির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাতুয়াইল ল্যান্ডফিলে ‘ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক’ (ডিআরসিপি) নির্মাণের মাস্টারপ্ল্যান উপস্থাপন করা হয়।

সভায় জানানো হয়, ডিএসসিসি এলাকায় দৈনিক উৎপাদিত প্রায় তিন হাজার ৫০০ টন বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। প্রস্তাবিত মাস্টারপ্ল্যান অনুযায়ী, মাতুয়াইল ল্যান্ডফিলের পুরাতন ১০০ একর জায়গা থেকে বছরে ১৫ হাজার টন মিথেন গ্যাস সংগ্রহের মাধ্যমে ৮১ হাজার মেগাওয়াট এবং সৌরশক্তি থেকে আরো ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ‘মেটেরিয়াল রিকভারি সেন্টার’ বা এমআরএফ-এর মাধ্যমে দৈনিক ৩০০ টন গৃহস্থালি বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস, কম্পোস্ট, বায়োফুয়েল ও ইকো-ব্রিকস উৎপাদন করা হবে। এই প্রকল্প সফল হলে বছরে পাঁচ লাখ ১৫ হাজার টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে, যা বৈশ্বিক উষ্ণায়ন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসক মো: আবদুস সালাম বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকাকে একটি দূষণমুক্ত ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করা সম্ভব হবে। সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কোরিয়ান কারিগরি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।