গণভোটের রায় অস্বীকার করে সরকার জনগণকে অপমান করছে : অধ্যাপক মুজিব
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকার গায়ের জোরে জনগণের গণভোটের রায়কে অস্বীকার করে দেশবাসীকে অপমান করছে। তবে কোনো ষড়যন্ত্রই সরকারকে শেষ রক্ষা দেবে না; দেশের মানুষ যেকোনো মূল্যে তাদের দেয়া রায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করে ছাড়বে। শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে উত্তরা পশ্চিম অঞ্চল জামায়াত আয়োজিত রুকনদের দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা করতে হলে যাকাতভিত্তিক অর্থনীতি চালু করা জরুরি। এর মধ্যেই নিহিত রয়েছে মানুষের প্রকৃত অর্থনৈতিক কল্যাণ ও মুক্তি। তিনি আরো বলেন, মানুষের নৈতিক চরিত্র গঠনে সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে সবার আগে নিজের ঘর, গ্রাম ও সমাজ পরিবর্তনে ব্যক্তিপর্যায় থেকে ইতিবাচক উদ্যোগ নেয়া প্রয়োজন।
সংবিধানের প্রসঙ্গ টেনে জামায়াতের এই শীর্ষ নেতা আক্ষেপ করে বলেন, রাষ্ট্রে জনগণের প্রতিনিধিত্ব ও গণতান্ত্রিক ধারায় পরিচালনার কথা সংবিধানে স্পষ্ট বলা থাকলেও সরকার ক্ষমতার দম্ভে তা তোয়াক্কা করছে না। বরং সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সব স্তরে দলীয় লোক বসিয়ে অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক আচরণ করা হচ্ছে। সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে জনগণকে আবারো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাহবুবুল আলমের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব। এ ছাড়া অনুষ্ঠানে ড. আহসান হাবীব ইমরোজ, জামাল উদ্দিন ও মাওলানা মুহিব্বুল্লাহসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।