চায়ের রাজধানী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী যাচ্ছেন আজ

Printed Edition

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

আজ ১৭ জুন চায়ের রাজধানীখ্যাত প্রাকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রধানমন্ত্রীকে বরণে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতারা। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রায় দেড় যুগ ধরে উন্নয়ন বঞ্চিত এ অঞ্চলের মানুষের মধ্যে নানা উন্নয়ন প্রত্যাশা বাড়ছে। সেই সাথে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎফুল্লতা।

প্রধানমন্ত্রীর জনসভাস্থল শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে। এ দিন প্রধানমন্ত্রী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন। সেখানেও রাজনগর উপজেলার সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করবেন ফ্যামিলি কার্ড।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাবেশস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি ও সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে স্থানীয় বিএনপি। যে সব সড়ক দিয়ে সভাস্থলে আসবেন প্রধানমন্ত্রী সেইসব সড়কের দুইপাশ পরিচ্ছন্নতার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে সড়ক ও জনপদ বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।