সিলেটের স্লোগান ‘ইবার কিন্তু অইযিবো’
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের আসন্ন দ্বাদশ আসরে এবার নতুন মালিকানা ও নতুন নামে অংশ নিতে যাচ্ছে সিলেট টাইটান্স। তাদের সেøাগান ‘ইবার কিন্তু অইযিবো’, এর মানে ‘এবার কিন্তু হয়ে যাবে’।
ইতিবাচক ভাবনা নিয়ে ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে টাইটান্সদের বিপিএল যাত্রা। দলের তারকা পেসার এবাদত হোসেন নিজেও একজন সিলেটি, শিরোপা জয়ের ব্যাপারে বেশ প্রত্যয়ী তিনি। গতকাল সিলেট টাইটান্সের অনুশীলন শেষে এবাদত গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমাদের এবারের থিমই হচ্ছে- ইবার কিন্তু অইযিবো। আমাদের দলের একটা পজিটিভ ভাইব যেটা শোনার পরই মনে হয় এবার আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। এই থিম নিয়েই এগোচ্ছি। আল্লাহ সাহায্য করলে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো।’
স্কোয়াড নিয়েও বেশ সন্তুষ্ট এবাদত। বোলিং ইউনিটকে বেশি শক্তিশালী ভাবা হলেও ব্যাটিংকে পিছিয়ে রাখতে নারাজ তিনি, ‘লোকাল ও ফরেইন মিলিয়ে সিলেট খুব ভালো একটা দল। সিনিয়র-জুনিয়র ও বিদেশী খেলোয়াড় মিলিয়ে কম্বিনেশনও খুব ভালো। বোলিং-ব্যাটিং প্রায় সমান। ৬০-৪০ বলতে পারবেন না, ফিফটি-ফিফটি। তবে বোলিংটা মনে হয় একটু বেশি। আমির (খান) ভাই আছে, খালেদ, শহিদুল, রুয়েল সবাই পারফর্মার এখানে। দলটা আলহামদুলিল্লাহ খুব ভালো। সবাই ভালো পারফর্ম করলে ইনশাআল্লাহ হয়ে যাবে।’
সিলেট দলে মোহাম্মদ আমিরের যোগদান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ডান হাতি এই পেসার, ‘আমাদের দলকে তার দেয়ার অনেক কিছু আছে। উনার যেহেতু অনেক অভিজ্ঞতা, টি-২০তে ৪০০ উইকেট, সেটি যাতে এই টিমের হয়ে কাজে লাগাতে পারেন। আশা করি উনার সেরাটা দেবেন।’
তিন বিদেশীর নাম প্রত্যাহার
নতুন আসর শুরুর আগ মুহূর্তেই চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশী ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন। তারা হলেন- পাকিস্তানের লেগ স্পিনার আবরার, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। স্টার্লিং ও ডিকভেলা নাম সরিয়ে নিয়েছেন নিজ দেশের ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়ায়। এ ছাড়া এনওসি পেলেও বিপিএলে খেলা অনিশ্চিত পাকিস্তানি স্পিনার আবরারের। তার এনওসি-ও স্থগিত করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পরিকল্পনায় থাকায় আবরারকে বিপিএলে খেলতে দিতে চাচ্ছে না পিসিবি।
নোয়াখালী ভালো ক্রিকেটে বিশ্বাসী : অঙ্কন
বিপিএলে ডেব্যু হতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের। দলটির হয়ে খেলবেন জাতীয় দলের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, টুর্নামেন্টের শুরুতে ফলাফল নিয়ে বেশি চিন্তা না করে ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগ দেয়া উচিত। তার কথায়, ‘সব দল অনেক ভারসাম্যপূর্ণ। দল করার জন্য, পরিকল্পনা করার জন্য অনেক সময় পেয়েছে। ফলাফল নিয়ে অতটা চিন্তা না, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে। কতটা ভালো ক্রিকেট খেলতে পারি- সেটিই গুরুত্বপূর্ণ।’
সবার আগে পারিশ্রমিক দিলো রাজশাহী
সবচেয়ে সুশৃঙ্খল ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্ট শুরুর আগেই নিয়ম মেনে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের পারিশ্রমিক পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করেছে দলটি। গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের দেশী-বিদেশী ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের সম্মানীর প্রথম কিস্তির অর্থ পরিশোধ করেছে তারা। শক্তিশালী দল গঠন ও আন্তর্জাতিক মানের বিদেশী ক্রিকেটার অন্তর্ভুক্ত করে টুর্নামেন্টের জৌলুসও বাড়িয়েছে তারা।
বিসিবির স্মারক জারি
রাজশাহী অর্থ পরিশোধ করার পরই অন্যান্য ফ্র্যাঞ্চাইজির উদ্দেশে বিসিবি স্মারক জারি করেছে। সেখানে জানানো হয়েছে লিগ শুরুর আগে মোট সম্মানীর ২৫ শতাংশ, লিগ পর্ব শেষ হওয়ার আগে ৫০ শতাংশ এবং বিপিএল শেষ হওয়ার এক মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। পুরো অর্থ পরিশোধ সম্পন্ন হলে তবেই বিসিবিতে জমা রাখা ব্যাংক গ্যারান্টি ফেরত পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাশাপাশি বিপিএলের লভ্যাংশ পেতেও পারিশ্রমিক পরিশোধ বাধ্যতামূলক।