রাজশাহীতে মসজিদ মিশনের ইফতার

অপরাধমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম : খলিলুর রহমান মাদানী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইমাম প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাওলানা খলিলুর রহমান মাদানী এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘যে ইমামের নেতৃত্বে মসজিদে সালাত কায়েম হয়, সেই ইমামের নেতৃত্বেই ইনশাআল্লাহ সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হবে। একটি অপরাধমুক্ত, ন্যায় ও মানবিকতায় পরিপূর্ণ সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম।’

গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজশাহী মহানগরী ও জেলার যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী রাজশাহী মসজিদ মিশন একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ড. মাদানী তার বক্তব্যে বলেন, ইমাম-খতিবদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। মসজিদকে কেন্দ্র করে সামাজিক নৈতিকতা জাগ্রত করতে হবে এবং দুর্নীতি, সন্ত্রাস ও অপরাধমুক্ত মানবিক সমাজ গঠনে ইমামদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া, মো: আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শাহাদাত হোসেন, মাওলানা কুদ্দুসুর রহমান প্রমুখ।

রাজশাহী মহানগরী মসজিদ মিশনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৩৫০ জন তৃণমূল পর্যায়ের ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।

সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিনিধি ইমামদের মধ্যে ইফতারি প্যাকেট বিতরণ করা হয়। পরিশেষে, এই দাওয়াতি কাফেলার প্রচেষ্টা কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।