খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

কুয়েটের জনসংযোগ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে নেয়া হবে। এ লক্ষ্যে ভর্তি পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আরো সহজ করা এবং তাদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমানোর লক্ষ্যে তিনটি বিভাগীয় শহরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

কুয়েট কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ আরো সহজ, স্বাচ্ছন্দ্যময় ও ভোগান্তিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।