সারা দুতার্তের অভিশংসন শুনানি শুরু
Printed Edition
বিবিসি
ফিলিপাইনের আইনপ্রণেতারা গতকাল বুধবার ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের বিরুদ্ধে অভিশংসন শুনানি শুরু করেছেন। তবে সাংবিধানিক আপত্তির কথা উল্লেখ করে তিনি এই কার্যক্রমে অংশ নেননি বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ফিলিপাইন ডেইলি ইনকোয়ারারের খবর অনুযায়ী, প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটি তার অনুপস্থিতিতেই আলোচনা শুরু করেছে। এই প্রক্রিয়া যেকোনো মূল্যে এগিয়ে যাবে উল্লেখ করে কমিটির চেয়ারপারসন জারভিল লুইস্ট্রো বলেন, ‘কমিটি তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে বাধ্য।’
পদ্ধতিগত কারণে আগের আবেদনগুলো প্রত্যাহার বা বাতিল হওয়ার পর বর্তমানে দু’টি অভিশংসন অভিযোগের ওপর এই শুনানি চলছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে গোপনীয় তহবিলের অপব্যবহার, কর্মকর্তাদের হুমকি দেয়া, ঘুষ গ্রহণের দাবি এবং সম্ভাব্য সাংবিধানিক লঙ্ঘন। ৪৭ বছর বয়সী দুতার্তে লিখিত জবাবে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই কার্যক্রমকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। দোষী সাব্যস্ত হলে তাকে পদ থেকে অপসারণ করা হবে এবং ভবিষ্যতে কোনো নির্বাচিত পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।