ঢাবিসহ ৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
ইউজিসির চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া অধ্যাপক ড. মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
এ সময় তিনি জানান, ঢাবিতে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যাপক রইস উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যাপক মো: আল ফোরকান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।
এ দিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাবির বর্তমান প্রোভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের স্থলাভিষিক্ত হবেন।
এর আগে সোমবার সকালে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে ইউজিসির বর্তমান চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ। এতে তিনি উল্লেখ করেন, শারীরিক অসুস্থতাজনিত কারণে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না।
অপর দিকে গত ২২ ফেব্রুয়ারি ঢাবি ভিসির পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদনপত্র জমা দেন অধ্যাপক বর্তমান ভিসি ড. নিয়াজ আহমদ খান। তিনি ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে ভিসির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান বলেন, আপৎকালীন পরিস্থিতি অনেকটাই দূর হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দায়িত্ব পালনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে এখন সরে দাঁড়ানোর সময় এসেছে।
গতকাল সংবাদ সম্মেলনে সাত বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও ইউজিসি চেয়ারম্যান নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরো কার্যকর ও গতিশীল করতে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।