পিরোজপুর-১ এ ধানের শীষের কাণ্ডারি মোস্তফা জামাল
Printed Edition
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। গত ২৪ ডিসেম্বর বুধবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তার প্রার্থিতা ঘোষণা করেন।
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জোটগত সিদ্ধান্তের মাধ্যমে এই বর্ষীয়ান রাজনীতিবিদের হাতেই ধানের শীষের প্রতীক তুলে দেয়া হয়েছে। মোস্তফা জামাল হায়দারের মতো একজন হেভিওয়েট ও অভিজ্ঞ নেতার আগমনে পিরোজপুর-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার দীর্ঘ অভিজ্ঞতা, জাতীয় রাজনীতিতে দৃঢ় অবস্থান এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এ আসনের ভোটের লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
জোটের একক প্রার্থী হিসেবে তার মনোনয়ন ঘোষণার ফলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের বিভেদ দূর হয়ে এখন একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে। দলীয় কোন্দল ভুলে সর্বস্তরের নেতাকর্মীরা একসাথে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, জোটের একজন বর্ষীয়ান ও গ্রহণযোগ্য নেতা হিসেবে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে পিরোজপুর-১ আসনে ধানের শীষের অবস্থান আরও সুসংহত হবে এবং নির্বাচনী লড়াইয়ে নতুন গতি সঞ্চার হবে।