স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি

১৫ জুন ধর্মঘটের আলটিমেটাম

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে আবারো মাঠে নামার ঘোষণা দেয়া হয়েছে। অন্যথায় শিগগিরই আন্দোলনের কর্মসূচি দেবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। দাবি পূরণে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ না থাকলে আগামী ১৫ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাশিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। বক্তরা আরো বলেন, মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ খ্রিষ্টাব্দে এক পরিপত্রে প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে ৫০০ টাকা ভাতা দেন। সে সময়ে বৈষম্যের শিকার হয়ে ১৮ হাজার মাদরাসার মধ্যে মাত্র এক হাজার ৫১৯টি মাদরাসা ৫০০ টাকা বেতনে অন্তর্ভুক্ত করেন। বাকি মাদরাসাগুলো অনুদান থেকে বঞ্চিত হয়।

২০১৩ সালের ৯ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। কিন্তু বড় দুঃখের বিষয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ দূরের কথা, একটি ইবতেদায়ি মাদরাসাকেও এমপিওভুক্ত না করে বড় বৈষম্য করেছিলেন।

তারা আরো বলেন, গত ১৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদরাসার শিক্ষকদের প্রাইমারির মতো জাতীয়করণের দাবি নিয়ে আন্দোলন করা হলে ৩ নভেম্বর প্রধান উপদেষ্টা অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তিকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আদেশ দেন, যা অদ্যবধি বাস্তবায়ন হয়নি। গত ৮ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বর্তমান প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। দুঃখের বিষয় অদ্যাবধি দাবি বাস্তবায়ন না হওয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে জানানোর জন্য আজকের এই সাংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো: সামছুল আলম, মোহাম্মদ আল-আমিন, এস এম জয়নাল আবেদীন জিহাদী, নুরুন্নবী আলী, মো: তাজুল ইসলাম ফরাজী ও আহমেদ হোসেনসহ আরো নেতারা।