কিউইদের বিপক্ষে সূচি প্রকাশ বিসিবির
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ছুটিতে যাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। ঈদের পর ছুটি কাটিয়ে আবার ক্যাম্পে ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের। কারণ এপ্রিলে আবার রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজের সূচি গতকাল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে নিউজিল্যান্ড। সবগুলো ম্যাচের ভেনু ঢাকা ও চট্টগ্রাম।
নিউজিল্যান্ড দল সবশেষ ২০২৩ সালে বাংলাদেশ সফরে এসেছিল। এবার দুই ফরম্যাটের সিরিজের জন্য আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে কিউইরা। তবে আগের সিরিজে দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেললেও এবার তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে সফরকারীরা। সিরিজের প্রথম ওয়ানডে আগামী ১৭ এপ্রিল মিরপুরে। একই ভেনুতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল। ৫০ ওভারের সবগুলো ম্যাচই শুরু হবে বেলা ২টায়। ওয়ানডে সিরিজ শেষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি হবে চট্টগ্রামে। ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টায় প্রথম টি-২০-এর পর দ্বিতীয় ম্যাচটি ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে একই ভেনুতে।
চট্টগ্রামে দু’টি টি-২০ শেষে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। আর সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটের শেষ ম্যাচটি মিরপুরে ২ মে খেলে বাংলাদেশ সফর শেষ করবে নিউজিল্যান্ড। এই ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। পাকিস্তানের বিপক্ষে ২-১-এ সিরিজ জয়ের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটিও বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে সরাসারি খেলতে হলে র্যাংকিংয়ে ৯-এ থাকতে হবে টাইগারদের। যদিও আপাতত ৯ নম্বরেই রয়েছে বাংলাদেশ। কিউইদের হারাতে পারলে পয়েন্ট বেশি নিয়ে র্যাংকিংয়ে আরো উন্নতি হবে মেহেদী হাসান মিরাজদের। ফলে কোনো সন্দেহ নেই সিরিজ জয়ে সেই সুযোগটি নিতে চাইবে বাংলাদেশ।