গণমাধ্যম যত স্বাধীন সরকার তত জবাবদিহিতার মধ্যে : তথ্যমন্ত্রী
Printed Edition
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গণমাধ্যমের স্বাধীনতা বাড়লে সরকারের জবাবদিহিতা আরো শক্তিশালী হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যমকে স্বাগত জানায় এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখতে চায়।
গতকাল সোমবার বেলা ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি, ভোটারদের আঙুলের কালির দাগও শুকায়নি। কিন্তু এর মধ্যেই জনগণের কাছে দেয়া পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি চলছে, কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং ইমামদের ভাতা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ঈদের পর সরকারের এসব কার্যক্রমের বিস্তারিত অগ্রগতি গণমাধ্যমকে জানানো হবে।
মন্ত্রী জানান, কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় কৃষকরা সেচসুবিধা পাবেন এবং ভূপরিস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিত হবে, যা দেশের খাদ্যনিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তিনি যা বলেন তা বাস্তবায়নের চেষ্টা করেন। প্রচলিত রাজনীতিবিদদের মতো কথার কথা বলেন না।’ ইতোমধ্যে সরকারের কয়েকটি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তা প্রমাণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশালের নবাগত পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং বিএডিসির উপসহকারী প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী।
উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আওতায় প্রায় ৪৫ বছর আগে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালটি খনন করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি কার্যকারিতা হারিয়ে ফেলায় শুষ্ক মৌসুমে আশপাশের প্রায় এক হাজার হেক্টর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছিল।
বর্তমান সরকারের দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ খালটির প্রথম ধাপে দুই কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৯০০ একর কৃষিজমি সেচ ও পানি নিষ্কাশনের সুবিধার আওতায় আসবে, যা স্থানীয় কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনবে।
বেতারের ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, উপকূলীয় এলাকার মানুষকে দুর্যোগকালীন সতর্কবার্তা দ্রুত পৌঁছানোর জন্য বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে। একই সাথে বরিশাল বেতারের অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় পদপে গ্রহণ করা হবে। তিনি গতকাল বিকেলে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহীদ, বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশিদ, বার্তা বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন খান, সিনিয়র সাংবাদিক নাছিম উল আলম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনসহ বেতারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল জেলা তথ্য অফিস পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি বরিশাল জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।