ফজলুল হক তুহিন
মানববিনাশী আগুন
Printed Edition
রাতের আকাশে আগুনের লেলিহান শিখা দেখে নক্ষত্র ও চাঁদের আলো
ভয়ে পালিয়েছে মধ্য-এশিয়ার দিগ¦লয় ছেড়ে বহুদূর!
চারদিক বারুদের পোড়া গন্ধে দুঃখের মতো ধোঁয়ার কুণ্ডলী
ঘিরে ধরেছে পারস্য উপকূল- মানুষের মৃত্যু, আর্তনাদ আর রক্তের ফোরাত
আবার এসেছে ফিরে নারগিস জাফরান লাল গোলাপের পাপড়িতে!
মুসা নবী যাদের মানুষ করতে পারেননি তারাই আজ
পৃথিবীবিনাশী শয়তান! তাই তো নিষ্পাপ শিশুদের রক্তমাখা
স্কুলব্যাগের সাথে পড়ে আছে গুলিস্তার বর্ণমালা!
জীবনবিধ্বংসী টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রে ছিন্নভিন্ন
রঙিন বসন্ত মুখরিত সুরভিত তেহরান মাশহাদ ইস্পাহান বা সিরাজ!
হাফিজ, তোমার দেওয়ান আজ ধ্বংসস্তূপের নিচে
রক্তাক্ত লাশের পাশে পড়ে আছে ময়লার মতো!
খৈয়াম, তোমার অমর রুবাইয়াত বোমারু বিমানের গোলায় দাউদাউ জ্বলছে!
পারস্য সাগরে নীল ঢেউয়েরা আজ বারুদের ঝঞ্ঝায় জায়নিস্ট নৃত্যে রক্তিম!
মানবজমিন আজ মানুষের রক্ত আর আগুনের উৎসবে শোকাহত!
এ যেন একুশ শতকের কারবালা!
তবে শাহ্নামা থেকে আবারও জেগে ওঠো মহাবীর রুস্তম
কামিকাজে শাহেদ ড্রোনের সজ্জাসহ ফিরে এসো মহামতি সোহরাব
জ্ঞান আর সাহসের বাতিঘর হয়ে এখনো দাঁড়িয়ে
সালমান ফারসি, ইবনে সিনা আর ইমাম সমাজ।
আগুনের ভয়ঙ্কর শিখায় জ্বলন্ত বিধ্বস্ত হাজার বছরের জমিন আমাদের
নন্দিত লিলির গন্ধভরা এ-আকাশ আমাদের
সাহসী সারস ওড়া ঢেউভাঙা বিস্তীর্ণ সমুদ্র আমাদের
মানবিক বিশ্ব থেকে সরে দাঁড়াও হে সভ্যতার শত্রু!
আর পরাজয় মেনে নাও হে লুটেরা প্রাণঘাতী আমেরিকা!