তেল বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা
Printed Edition
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জের একটি পাম্পে ড্রামে করে জ্বালানি তেল বিক্রির ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ওই পাম্প মালিকের ভাতিজার নেতৃত্বে এ হামলা চালানো হয়। গত শনিবার সকালে উপজেলার কাশিমপুর এলাকার মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এসময় ওই সাংবাদিককে বাঁচাতে এলে আরেক সাংবাদিককেও লাঞ্ছিত করা হয়। পরে এ ঘটনায় মা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন তেল পাম্প মালিক।
হামলার শিকার ওই সাংবাদিকের নাম জাহিদ হাসান টিপু। তিনি দৈনিক ইনকিলাবের ভেদরগঞ্জ সংবাদদাতা। লাঞ্ছিত আরেক সাংবাদিকের নাম আশিকুর রহমান হৃদয়। তিনি দৈনিক সমকালের ভেদরগঞ্জ প্রতিনিধি। এ ঘটনায় রাত সাড়ে ৭টায় সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ওই ভুক্তভোগী সাংবাদিক।
জানা যায়, ফিলিং স্টেশনে ড্রামে করে তেল বিক্রি করছিল কর্মচারীরা। বিষয়টির ভিডিও ধারণ করে ওই দুই সাংবাদিক। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন পাম্প মালিক ফারুক মাদবর। এ সময় তাকে প্রশ্ন করা হলে পাশে থাকা তার ভাতিজা জামান মাদবরসহ কয়েকজন সাংবাদিক জাহিদ হাসান টিপুর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী ও সাংবাদিক নেতাদের।
সখিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আমি ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।