এনসিপির জাতীয় কনভেনশন আজ

Printed Edition
back-6
জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আখতার হোসেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আজ রোববার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক দিনব্যাপী জাতীয় কনভেনশন। গতকাল শনিবার রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এ কনভেনশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, অ্যাক্টিভিস্ট, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানসহ বিভিন্ন দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো অংশগ্রহণকারীদের নাম চূড়ান্তভাবে জানানো হয়নি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, নির্বাচন-পরবর্তী সংস্কার প্রক্রিয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারি দল শপথ ভঙ্গের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে এবং সংস্কার পরিষদে শপথ নেয়নি। এ পরিস্থিতিতে এনসিপি নিজ উদ্যোগে সংস্কার বাস্তবায়নের কার্যক্রম হাতে নেয়।

তিনি আরো বলেন, দীর্ঘমেয়াদি এ প্রক্রিয়ায় বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে ধারাবাহিক আলোচনা করে কনভেনশনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে চলমান অচলাবস্থা নিরসন এবং জ্বালানি ও অর্থনৈতিক সঙ্কটসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু তুলে ধরা হবে।

কনভেনশনের উদ্বোধনী সেশন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং স্বাগত বক্তব্য দেবেন যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।

জাতীয় শ্রমিক শক্তির সমাবেশ, জুলাই গণ-অভ্যুত্থানের পরও শ্রমিকদের অবস্থার উন্নতি হয়নি : আখতার হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পরিবর্তন এলেও শ্রমজীবী মানুষের জীবনমানের কোনো উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ শ্রমের সাথে যুক্ত থাকলেও তারা এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

গত শুক্রবার (১ মে) শাহবাগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় শ্রমিক শক্তির সমাবেশে এ কথা বলেন তিনি। এনসিপির শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তি এ সমাবেশে আয়োজন করে।

আখতার হোসেন বলেন, বর্তমানে শ্রমিকদের মজুরি এতটাই কম যে, এই দুর্মূল্যের বাজারে তারা পরিবার নিয়ে ঠিকভাবে চলতে পারছেন না। ফলে তাদের সন্তানরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রজন্মের পর প্রজন্ম শ্রমের চক্রে আবদ্ধ হয়ে পড়ছে।

তিনি বলেন, রিকশাচালক বা হকারদের মতো অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে না থাকায় তাদের অধিকার নিশ্চিত হচ্ছে না।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন নাজুক অবস্থায় রয়েছে। ব্যাংকিং খাতে অনিয়ম ও লুটপাট এর অন্যতম কারণ। ব্যাংক রেজুলেশন আইনের মাধ্যমে ঋণখেলাপিরা অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়েই পুনরায় মালিকানা ফিরে পাচ্ছে, যা কার্যত দুর্নীতিকে বৈধতা দিচ্ছে।

সদ্য এনসিপিতে যোগ দেয়া আপ বাংলাদেশের সাবেক আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি, বরং আরো অবনতি হয়েছে। শহীদ শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের এমপি আব্দুল হান্নান মাসুদ বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার সময় শ্রমিক-ছাত্রদের ব্যবহার করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তাদের ভুলে যায়।

স্বাধীনতার পর থেকে মানুষকে ভালো আইনের স্বপ্ন দেখানো হলেও বাস্তবে তা প্রতিষ্ঠিত হয়নি।

সভাপতির বক্তব্যে জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে কোনো গণ-আন্দোলনের লক্ষ্য পূরণ হবে না। এজন্য রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে কার্যকর ও আন্তরিক পদক্ষেপ নিতে হবে।