চৌদ্দগ্রামে আ’লীগ নেতার নেতৃত্বে হামলা-লুটপাট শ্লীলতাহানির অভিযোগ

Printed Edition

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রামে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুগীরহাট গ্রামে গত শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারের নারীদের শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে বলে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সরেজমিন এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা এই ন্যক্কারজনক ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুগীরহাট গ্রামের আওয়ামী লীগ নেতা মনোহর আলীর সাথে একই গ্রামের হাফেজ মজুমদার ও তার পরিবারের দীর্ঘদিনের বিরোধ। এর আগে গত বছরের ২২ নভেম্বর মনোহর আলীর নেতৃত্বে হাফেজ মজুমদারের বাবা শফিকুর রহমান মজুমদারকে মসজিদের পাশে পিটিয়ে জখম করা হয়, যার কয়েকদিন পর তিনি মারা যান।

সেই ঘটনারই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১২টার দিকে মনোহর আলী, শাহজাহান, জালাল হোসেন ও বশিরসহ একদল সশস্ত্র ব্যক্তি হাফেজ মজুমদারের বসতঘরে হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ঘর ও রান্নাঘর ভাঙচুর করে লুটপাট চালায়। এ সময় জালাল হোসেন নামে এক ব্যক্তি ঘরে থাকা আয়েশা আক্তার ও আমেনা আক্তারকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে। অন্য এক অভিযুক্ত বশির অস্ত্রের মুখে রুধাবা আফরিন নামে এক নারীর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা মনোহর আলী বলেন, আমিও একটি অভিযোগ দিয়েছি, সেটির তদন্ত চলছে। এর বেশি কিছু বলতে চাই না।

চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামছুল আরেফীন বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।