সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি

৪ ট্রাক নির্মাণসামগ্রী উদ্ধার, গ্রেফতার ৩

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে নির্মাণাধীন প্রকল্পের মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- আল মামুন সরকার (৩৩), মো: মামুনুর রশীদ (৪০) ও মো: মাসুম বিল্লাহ (৩৫)।

জানা যায়, গত মঙ্গলবার ভোরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-২-এর নির্মাণাধীন প্রকল্পের ভবনের প্রকৌশল শাখার মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্র্যাপ) মিনি ট্রাকে করে কয়েকজন ব্যক্তি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি চুরির মামলা করা হয়। মামলাটি করার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার সন্ধ্যায় সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মামুন সরকার ও মো: মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়। একই দিন রাতে বাড্ডা থানা এলাকা থেকে মো: মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চার মিনি ট্রাক নির্মাণসামগ্রীর অংশ (স্ক্র্যাপ) উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সুপার স্পেশালাইজড হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রীর অংশ (স্ক্র্যাপ) চুরির কথা স্বীকার করেছেন।

এ ছাড়াও গতকাল ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম বলেন, রাজধানীর ভাটারা বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

অন্য দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো: শাহিন প্রধানকে (৪২) গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।