সরকার জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী

Printed Edition

যশোর অফিস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। মানুষের দুর্ভোগ কমাতে এটি করা হচ্ছে।

শুক্রবার দুপুরে যশোরে দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বহির্বিশ্বের অস্থিরতার মধ্যেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি সরকার। তেলের দাম বৃদ্ধি পেলে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি পায়। চতুর্দিক থেকে চাপ থাকা সত্ত্বেও সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা করেনি।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেল নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এখন পর্যন্ত পৃথিবীর ৮০টি দেশ জ্বালানির মূল্যবৃদ্ধি করলেও বাংলাদেশ সরকার জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা করেনি। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে চাহিদা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন ডিজেলের চাহিদা ছিল ১২ হাজার টন। পেট্রোল ও অকটেনের চাহিদা ছিল এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ মেট্রিক টন। ঈদের আগে গড়ে প্রতিদিন ২৪ হাজার থেকে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ডের কাজ শুরু হয়েছে। ধর্মগুরুদের সম্মানী চালু হয়েছে। পয়লা বৈশাখে কৃষক কার্ড চালু হবে। রাষ্ট্রের পাশাপাশি জনগণ প্রতিবেশী ও আত্মীয়ের হক আদায় করলে সমাজে পিছিয়েপড়া জনগোষ্ঠীর সংখ্যা কমে আসবে। অনুষ্ঠানে ১৫৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন ও সমাজসেবা অধিদফতর যশোরের উপ-পরিচালক হারুন অর রশিদ।