কমনওয়েলথ টিটি ট্রায়ালে ৩২ জন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
আসন্ন কমনওয়েলথ টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের প্রাথমিক সিলেকশন ট্রায়ালের জন্য ৩২ জন খেলোয়াড়কে ডেকেছে টিটি ফেডারেশন। আগামী ১৭-২১ জুলাই ভারতের নয়াদিল্লিতে হতে যাওয়া এ প্রতিযোগিতাকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে ফেডারেশন। ১৪ এপ্রিল রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চার দিনব্যাপী এই সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে।
পুরুষ ও মহিলা বিভাগের শীর্ষ ১৬ জন করে ৩২ জন খেলোয়াড় লিগ পদ্ধতিতে অংশ নেবেন। ট্রায়াল শেষে দুই বিভাগে শীর্ষ ছয়জন করে ১২ জনকে নিয়ে হবে প্রায় আড়াই মাসের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। সেখান থেকে পাঁচজন করে ১০ জনের পুরুষ ও মহিলা দল চ্যাম্পিয়নশিপে জন্য নির্ধারণ করা হবে। এ দিকে বাংলাদেশের জুনিয়র দল আগামী ৮-১১ এপ্রিল ভারতের সিমলায় সাউথ এশিয়ান আঞ্চলিক ইয়ুথ টিটি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।