শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জনগণ জামায়াতপ্রার্থীকে বিজয়ী করবে : শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো
Printed Edition
3rd 2
চট্টগ্রামে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

চট্টগ্রাম মহানগরী জামায়াত আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে জামায়াত। এ জন্য আগামী নির্বাচনে সৎলোকদের বিজয়ী করতে হবে। গতকাল জুমাবার চট্টগ্রাম নগরীর কিংসপার্ক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চট্টগ্রাম-১১ আসন তথা বন্দর-পতেঙ্গা সংসদীয় এলাকা জামায়াতের ঐতিহ্যবাহী ঘাঁটি। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সংগঠনের ব্যাপক প্রসার ঘটেছে। আগামী সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য কর্মীরা প্রস্তুত রয়েছেন। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই আসনে ভোট বিপ্লব হবে, ইনশাআল্লাহ। শাহজাহান চৌধুরী আরো বলেন, এবার জামায়াতের প্রার্থীদেরকে নির্বাচিত করতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে ইনশা আল্লাহ।

দুর্নীতিমুক্ত ও শোষণমুক্ত একটি কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক কাউন্সিলর শফিউল আলমকে বিজয়ী করার জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে, চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম বলেন, জুলাই বিপ্লবের শহীদরা বাংলাদেশের দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নের কথা লিখে গেছেন। দেশের মানুষ বারবার সরকার পরিবর্তন দেখেছে এবং এখন তারা প্রকৃত পরিবর্তন চায়। জামায়াতের দিকে জনগণ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তাই দলীয় নেতাকর্মীদের সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, নির্বাচনের এখনো অনেক সময় বাকি, তবে সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতা দেখে আমি অভিভূত। ইনশা আল্লাহ বন্দর, ইপিজেড, সদরঘাট এবং পতেঙ্গার দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের চেতনায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই আসনে ইনশা আল্লাহ ভোট বিপ্লব করা হবে। নতুন প্রজন্ম যারা গত ১৮ বছর ভোট দিতে পারেনি তারা এবার জনবান্ধব সঠিক নেতৃত্ব বেছে নেবে।

মহানগরী শূরা ও কর্মপরিষদ সদস্য, বন্দর থানা আমির মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন, বন্দর থানা জামায়াতের সেক্রেটারি ইকবাল শরীফ, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা প্রশাসনিক ওয়ার্ড আমির জাকের হোসেন, ৩৭ নম্বর মুনিরনগর প্রশাসনিক ওয়ার্ড আমির আহমেদ ফিরোজ, হাফেজ আবদুল আলীম, কামরুল হাসান, জি এম কামরুজ্জামান, শামসুল আলম ও জাহেদ হোসেন প্রমুখ।