চরভদ্রাসনে ঘন কুয়াশায় স্পিডবোট চলাচল, দুর্ঘটনার আশঙ্কা
Printed Edition
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটে ঘন কুয়াশার মধ্যেই পদ্মা নদীতে নিয়মিত স্পিডবোট চলাচল করায় যাত্রীদের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কাও করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ভোর থেকে সকাল পর্যন্ত নদীজুড়ে ঘন কুয়াশা থাকলেও কোনো ধরনের সতর্কতা বা নিয়ন্ত্রণ ছাড়াই স্পিডবোট চলাচল অব্যাহত রাখা হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে কুয়াশার মধ্যে স্পিডবোট দুর্ঘটনায় অন্তত ছয়জন যাত্রী প্রাণ হারান। ওই মর্মান্তিক ঘটনার স্মৃতি এখনো এলাকাবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করে। তবে সেই ঘটনার পরও নৌযান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ উঠছে।
সম্প্রতি একই এলাকায় আরেকটি নৌযান দুর্ঘটনা ঘটে। কুয়াশার মধ্যে চলাচলের সময় একটি স্পিডবোট ডুবোচরে ধাক্কা খেয়ে তলা ফেটে যায়। এতে বোটে থাকা এক নারীযাত্রী প্রাণ হারান। এ ঘটনায় নতুন করে যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
নিয়ম অনুযায়ী, নদীতে ঘন কুয়াশা থাকলে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা অথবা বিশেষ সতর্কতার মাধ্যমে সীমিত আকারে পরিচালনার বিধান রয়েছে। কিন্তু চরভদ্রাসনের গোপালপুর ঘাটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাটে এসব নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে প্রতিদিন হাজারো যাত্রী বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই নদী পারাপার হচ্ছে।
যাত্রী ও ঘাট সংশ্লিষ্টরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, কুয়াশার মধ্যে স্পিডবোট চালানো মানেই মৃত্যুঝুঁকি নেয়া। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা এড়াতে এখনই কঠোর ব্যবস্থা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সচেতন মহলের দাবি, অবিলম্বে কুয়াশার সময় স্পিডবোট চলাচল বন্ধে কঠোর নির্দেশনা জারি করা উচিত। সেই সাথে নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নজরদারি বাড়াতে হবে। তা না হলে ভবিষ্যতে আবারো প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাবে।