ঈদযাত্রা নিরাপদ করতে সতর্ক থাকার পরামর্শ পুলিশ সদর দফতরের
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের মানুষের যাতায়াত ও উৎসব উদযাপন নিরাপদ ও নির্বিঘœ করতে বাসের যাত্রী, বাসের চালক, লঞ্চ-স্টিমার-স্পিডবোটের যাত্রী, মালিক ও চালক এবং ট্রেনযাত্রীদের প্রতি সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বিশেষ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ সদর দফতর। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে যাত্রা শুরু করতে হবে এবং নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। যাত্রাপথে চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে তাগিদ না দেয়া এবং জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদ, ট্রাক, পিকআপ বা অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশের পরামর্শে বলা হয়েছে, রাস্তা পারাপারের সময় জেব্রাক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার করা উচিত। যেখানে এসব ব্যবস্থা নেই সেখানে যানবাহনের গতিবিধি দেখে সতর্কতার সাথে রাস্তা পার হতে হবে। প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়ারও পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি অপরিচিত ব্যক্তির দেয়া খাবার বা পানীয় গ্রহণ না করার কথাও উল্লেখ করা হয়েছে।
বাসচালকদের উদ্দেশে বলা হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। ক্লান্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানোর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বাসে অতিরিক্ত যাত্রী না তোলার বিষয়েও সতর্ক করা হয়েছে।
নৌপথে চলাচলের ক্ষেত্রে লঞ্চ, স্টিমার ও স্পিডবোটের যাত্রীদের অতিরিক্ত ভিড় করে নৌযানে ওঠা বা ছাদে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে পুলিশ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযাত্রা থেকে বিরত থাকার পাশাপাশি স্পিডবোটে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া নৌযান মালিক ও চালকদের আবহাওয়ার পূর্বাভাস জেনে যাত্রা শুরু করা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখা এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।
ট্রেন যাত্রীদেরও সতর্ক করে পুলিশ জানিয়েছে, ট্রেনের ছাদ, বাফার বা ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে এবং ভ্রমণের সময় ব্যক্তিগত মালামাল নিজের দায়িত্বে রাখতে হবে।
একই সাথে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ না করার অনুরোধ করা হয়েছে।
যেকোনো জরুরি পরিস্থিতিতে পুলিশ হেডকোয়ার্টার্স, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌপুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্ধারিত কন্ট্রোল রুম নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।