‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে রায়ের আহ্বান জামায়াত সেক্রেটারির
Printed Edition
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে সুশাসন, ক্ষমতার ভারসাম্য, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো গড়ে তোলার যে প্রস্তাব রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে প্রণয়ন করেছে, তা ‘জুলাই সনদ’ নামে জাতির সামনে গৃহীত হয়েছে। শিগগিরই এ সনদ গণভোটে জনগণের মতামতের জন্য উপস্থাপন করা হবে। তিনি বলেন, এই গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেয়ার মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ রায় দিতে হবে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ অডিটোরিয়ামে শাহপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ১২ নম্বর ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার অর্থ হলো দুর্নীতির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, দলীয়করণ ও ভিন্নমতের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে অবস্থান নেয়া। একই সাথে বিচারব্যবস্থা, ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে স্পষ্ট সমর্থন জানানো। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি দেশবাসী ও সব ভোটারকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহ। পরিচালনা করেন উপজেলা যুব সভাপতি বি এম আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস এবং জেলা ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।
সেক্রেটারি জেনারেল আরো বলেন- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সর্বস্তরে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখতে হবে, যাতে সব রাজনৈতিক দল সমান সুযোগ পায়। তিনি দেশে চলমান সহিংসতা, সন্ত্রাস ও গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সব মহলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী আচরণবিধি মেনে চলতে আন্তরিক। তবে কিছু রাজনৈতিক দল তফসিল ঘোষণার পর ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের নামে জনগণকে অনুদান ও আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিচ্ছে, যা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এসব ঘটনার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
এর আগে সকালে ফুলতলা উপজেলা এবং বিকেলে ডুমুরিয়া কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পৃথক ওয়ার্ড প্রতিনিধি সভায়ও প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি সন্ধ্যায় ফুলতলার আটরা-গিলাতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সহযোগী সদস্য বৈঠকেও তিনি বক্তব্য রাখেন। প্রতিটি সভায় তিনি গণভোটে সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন।