‘জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম’ মন্তব্য
নিলুফার চৌধুরী মনিকে ক্ষমা চাওয়ার আহ্বান
Printed Edition
সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত নিলুফার চৌধুরী মনি ‘জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম’ মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। গতকাল এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশোতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরকার দলীয় মনোনীত নিলুফার চৌধুরী মনি ‘জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম’ বলে চরম গর্হিত মন্তব্য করেছেন।
তিনি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাকাত ইসলামের একটি ফরজ ইবাদত, যা পবিত্র কুরআনের সুস্পষ্ট নির্দেশনার ভিত্তিতে প্রবর্তিত এবং সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। পক্ষান্তরে, চাঁদাবাজি সম্পূর্ণরূপে হারাম ও জুলুমের অন্তর্ভুক্ত। এ ধরনের জঘন্য অপরাধের সাথে জাকাতের তুলনা করা শুধু ধর্মীয় অবমাননাই নয়, বরং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। তিনি অবিলম্বে তাকে এ বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান এবং দায়িত্বশীল ব্যক্তিদেরকে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। বিজ্ঞপ্তি।