জীবননগরে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

Printed Edition

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রোজা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজা সেনেরহুদা গ্রামের রাজু হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় একটি চলন্ত ভ্যানের সাথে তার ধাক্কা লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায়।

স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবারে চলছে আহাজারি।

স্থানীয়রা জানান, গ্রামীণ সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল ও অসতর্কতার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।