গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের লাশ উদ্ধার
Printed Edition
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি মুরগির খামার থেকে সুমন মিয়া (১৫) নামের এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাত প্রায় ১২টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের তয়খণ্ড গ্রামের একটি মুরগির খামার থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমন মিয়া উপজেলার ফতেহপুর ইউনিয়নের তয়খণ্ড গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে একই গ্রামের মাওলানা আব্দুল করিমের ছেলে মোস্তাকিম তাদের মালিকানাধীন মুরগির খামারে একটি গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনকে অবহিত করেন।
খবর পেয়ে চেয়ারম্যান বিষয়টি গোয়াইনঘাট থানায় জানালে থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, একটি মুরগির খামার থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।