৬ হাজার পাউন্ডের কেক
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
জন্মদিনের বিশেষ উদ্যাপনে নজর কেড়েছেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার কুয়েসনেল শহরের গ্র্যানভিল’স ক্যাফের মালিক টেড মার্টিনডেল। সম্প্রতি ৮০তম জন্মদিনে তিনি কাটেন একটি বিশাল আকারের ক্যারট কেক, যার ওজন ছিল ছয় হাজার ৪৪ পাউন্ড।
কেকটির আকৃতি ছিল ১৭ ফুট বাই ১৭ ফুট। এ বিশাল কেক তৈরি করতে তিনি আশপাশের বেকারিগুলোর সহায়তা নেন। কেক তৈরিতে ব্যবহার করা হয়েছিল এক হাজার ৭৬০ পাউন্ড গাজর, ৭০০ পাউন্ড মাখন, কয়েক হাজার ডিম এবং প্রায় দুই হাজার পাউন্ড আইসিং। কেকটি তৈরি করতে এক মাসের বেশি সময় লেগেছে। মূল কেকটি ৪৩০টি ছোট কেক জোড়া দিয়ে তৈরি করা হয়েছিল।
মার্টিনডেল জন্মদিনের দিনে এ কেক কেটে অতিথিদের মধ্যে বিতরণ করেন। এ কেকের মাধ্যমে তিনি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এ রেকর্ডের মালিক ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত একটি বেকারি, তারা ২০১৬ সালে চার হাজার ৫৭৪ পাউন্ড ওজনের কেক তৈরি করে রেকর্ড গড়েছিল। মার্টিনডেল দাবি করেছেন, তার কেকের ওজন প্রায় ছয় হাজার ৪৪ পাউন্ড। তবে আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি নির্ধারণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস যাচাই প্রক্রিয়া চালাচ্ছে।