‘ফ্রিডম ২৫০’ উদযাপন
বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, পারস্পরিক বোঝাপড়া গভীর করতে আমরা আমেরিকার ইতিহাস ও মূল্যবোধ আরো বেশি করে তুলে ধরতে চাই।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন উপলক্ষে গতকাল গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত ‘আমেরিকান ফেয়ার’ ঘুরে দেখার পর সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রদূত এ কথা বলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে সাত দিনব্যাপী ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর আওতায় বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, আমেরিকার গল্প বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে। আমরা বাংলাদেশে আমাদের ইতিহাস আরো বেশি করে তুলে ধরতে এবং দুই দেশের জনগণের মধ্যে বোঝাপড়া তৈরিতে সাহায্য করতে চাই। তিনি বলেন, আমরা ইতিহাস, মূল্যবোধ ও আদর্শ ভাগ করে নিতে আগ্রহী। এটি সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। এই উদযাপনগুলো বাংলাদেশে আমাদের জন্য আমেরিকার স্বাদ নিয়ে আসার একটি দারুণ সুযোগ।
রাষ্ট্রদূত বলেন, আজ আমাদের প্রকৃত জন্মদিন। এখানে আসতে পেরে আমরা রোমাঞ্চিত। বাংলাদেশজুড়ে আমরা ব্যাপক উদযাপন করছি।