নতুন করে কোনো গডফাদার যেন তৈরি না হয় আমরা সতর্ক থাকব : নাহিদ ইসলাম

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ ইতোমধ্যেই দলটির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের কলেজ রোড এলাকায় সংগঠনটির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

সংগঠন শক্তিশালী করার পেছনে স্থানীয় নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরে নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটার জন্য অবশ্যই কৃতিত্ব আপনাদের, যারা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে কাজ করেছেন।’

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান এমপি আব্দুল্লাহ আল আমিনকে, যিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল। এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত বিভিন্ন গডফাদার ও মাফিয়ারা।’ তিনি আরো বলেন, ‘গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই গডফাদার ও মাফিয়ারা পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।’

বর্তমান সংগ্রামের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘এখন আমাদের সংগ্রাম হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে এখানকার মানুষের জন্য গড়ে তোলা যাতে সাধারণ মানুষ উপকৃত হয় এবং তাদের পক্ষে কথা বলা হয়।’

সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জে যাতে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়া তৈরি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব। নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপি সবচেয়ে দৃঢ় অবস্থানে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।’

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো: শওকত আলী, সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্যসচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।