চট্টগ্রামে জামায়াতের জনসভা কাল
দেশ এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে : মুহাম্মদ শাহজাহান
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের কারণে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ন্যায় ও ইনসাফের সমাজ গঠনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীকালের জনসভা নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
গতকাল শনিবার বিকেলে আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য চট্টগ্রামে জামায়াতে ইসলামীর ডা: শফিকুর রহমানের জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী আমির মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, চট্টগ্রাম মহানগরী সভাপতি খেলাফত মজলিশ অধ্যাপক মাওলানা খুরশিদ আলম, চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা জিয়াউল হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মহানগরী সভাপতি আবু মোজাফ্ফর মো: আনাস প্রমুখ।
মুহাম্মদ শাহজাহান আরো বলেন, এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের পক্ষে গণজাগরণ সৃষ্টি করার একটি সুযোগ। তিনি চট্টগ্রামবাসীসহ দেশবাসীর প্রতি দল-মত নির্বিশেষে সবাই এই জনসভা সফল করার এবং একটি নতুন বাংলাদেশ গঠনে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, তরুণ সমাজকে দেশ গঠনের দায়িত্ব নিতে হবে। নৈতিকতা, সততা ও দেশপ্রেমের ভিত্তিতে নেতৃত্ব তৈরি করাই জামায়াতের লক্ষ্য। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ইনশাআল্লাহ একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে। নেতৃবৃন্দ আগামীকাল বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠের জনসভাসহ চট্টগ্রাম-১৫ আসনে এবং সীতাকুণ্ডে আয়োজিত পৃথক জনসভা সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা।