ঢাকা-৪-এ এমপির অর্থ ও ওয়ারীতে জামায়াতের ঈদসামগ্রী বিতরণ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৪ সংসদীয় আসনের ৩৩৪টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। মঙ্গলবার সকালে জুরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত বিশেষ বরাদ্দের ১০ লাখ টাকা যথাযথভাবে বণ্টনের উদ্দেশ্যে এ কর্মসূচি পরিচালিত হয়। বরাদ্দকৃত অর্থ থেকে ৩৩৩টি পরিবারকে তিন হাজার টাকা করে দেয়ার পর অবশিষ্ট এক হাজার টাকার সাথে ব্যক্তিগত তহবিল থেকে আরো দুই হাজার টাকা যুক্ত করেন সংসদ সদস্য। এর ফলে মোট ৩৩৪টি পরিবারকে তিন হাজার টাকা করে সর্বমোট ১০ লাখ দুই হাজার টাকা দেয়া সম্ভব হয়।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, ‘নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধি হিসেবে সমাজের প্রতিটি নাগরিক আমার কাছে সমান। রাষ্ট্রীয় ও সামাজিক সহায়তার ক্ষেত্রে আমি কোনো দলীয় পরিচয় বিবেচনা করব না। নাগরিক অধিকার নিশ্চিতে স্বজনপ্রীতি বা দলীয়করণের কোনো স্থান নেই।’ তিনি আরো উল্লেখ করেন, বরাদ্দের সীমাবদ্ধতা থাকায় অত্যন্ত স্বচ্ছতার সাথে সবচেয়ে অভাবগ্রস্তদের দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে বাছাই করা হয়েছে। একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ারী পশ্চিম থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আরো ২৫০টি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।
ওয়ারী পশ্চিম থানা আমির ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মাহফুজুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল লতিফ, জাহাঙ্গীর হোসেন ও হাবিবুর রহমানসহ অন্যান্য নেতা।