গাকৃবি’র ভিসি আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত

Printed Edition
artho-1
গাকৃবি’র ভিসি আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ পুরস্কার ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন। কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

গত ১৮ এপ্রিল এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে কৃষি, শিক্ষা, শিল্প, সাংবাদিকতা, সাহিত্যসহ মোট ১২টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘হুজ হু বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী নাজিনুর রহিম এবং সম্পাদক লুৎফুন নাহার তাপসীসহ দেশের নানা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

পুরস্কার অর্জন বিষয়ে ভিসি বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের কৃষি, গবেষণা ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক স্বীকৃতি। আমি ‘হুজ হু বাংলাদেশ’ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমাকে আরো দায়িত্বশীলতায় আবদ্ধ করেছে।

প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিয়ে ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি শিক্ষাজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (১৯৮৮) ও মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর (১৯৯৩) সম্পন্ন করে জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে পিএইচডি অর্জন করেন। আন্তর্জাতিক পরিসরে তার গবেষণা বিশেষভাবে স্বীকৃত। ‘হুজ হু’ ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে গুণীজনদের জীবনগাঁথা সংরক্ষণ ও তাদের অবদানকে মর্যাদার সাথে স্বীকৃতি দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা প্রদান করা হচ্ছে।