৪ মাস পেট্রল রফতানি বন্ধ রাখতে যাচ্ছে রাশিয়া

Printed Edition

সিনহুয়া

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বুধবার থেকে গ্যাসোলিন বা পেট্রল রফতানি নিষিদ্ধ করে সরকারি ডিক্রির খসড়া তৈরিতে দেশটির জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এ নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে, রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

অভ্যন্তরীণ জ্বালানি বাজার নিয়ে এক বৈঠকে সভাপতিত্ব করার পর দেয়া বিবৃতিতে নোভাক বলেন, মূল্য স্থিতিশীল এবং অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ঠিক রাখতে গ্যাসোলিন রফতানি নিষিদ্ধের এ ব্যবস্থা নেয়া হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দেশের ভেতর জ্বালানির দাম নির্দিষ্ট সীমার ভেতর রাখার যে নির্দেশনা দিয়েছেন- তা বাস্তবায়নে জোর দেন বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা।

‘মধ্যপ্রাচ্যে সঙ্কটের কারণে বিশ্বজুড়ে তেল ও পেট্রলিয়াম পণ্যের বাজারে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার কারণেই দামের ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে বলে উপপ্রধানমন্ত্রী উল্লেখ করেন,’ বলা হয়েছে বিবৃতিতে। বিদেশের বাজারে রাশিয়ার জ্বালানি সম্পদের যে বিপুল চাহিদা নোভাক তাকে ‘ইতিবাচক’ হিসেবেও অভিহিত করেন। শুক্রবার নোভাকের সাথে জ্বালানি মন্ত্রণালয় ও খাতসংশ্লিষ্ট কোম্পানিগুলোর কর্মকর্তাদের বৈঠকে এ রফতানি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়।