ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ার আশা রেলপথ মন্ত্রীর

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো যাত্রীদের যাত্রা নিরাপদ এবং স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিতে কাজ করছে সরকার। এখন পর্যন্ত ঈদযাত্রা মোটামুটি স্বস্তিদায়ক রয়েছে বলে জানিয়েছেন রেল, সড়ক ও নৌপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা চেয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

গতকাল শুক্রবার ঈদযাত্রা উপলক্ষে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

গতকাল শুক্রবার সকাল থেকেই রেলপথে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। প্রথম দিনে ২১টি নির্ধারিত ট্রেন গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে গেছে এবং বেশির ভাগই সময়মতো চলছে। দু’টি ট্রেন ৪০ মিনিট দেরিতে ছেড়েছে। বিলম্বের কারণ হিসেবে বলা হয়েছে, একটি দুর্ঘটনার কারণে ওই ট্রেনগুলো কয়েক দিন ধরে প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত দেরি করছিল।

রেল, নৌ ও সড়ক পরিবহনমন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে রেলওয়ে বিভিন্ন আন্তঃনগর সার্ভিসে ১২৪টি মিটার গেট ও ১৪টি ব্রডগেজ কোচ অতিরিক্ত সংযোজন করা হবে। এ ছাড়া নিয়মিত সার্ভিসের অতিরিক্ত পাঁচজোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সড়কপথে এবং নৌপথেও এবার সুশৃঙ্খলভাবে সর্বোচ্চসংখ্যক যাত্রী পরিবহন করা হবে। মন্ত্রী স্টেশনে যাত্রীদের সাথে কথা বলে ঈদযাত্রার সন্তুষ্টির কথা শুনেছেন। তবে এই সেবার ধারাবাহিকতা থাকবে কি না তা নিয়ে যাত্রীরা উদ্বেগ প্রকাশ করেন। তবে এ বিষয়ে মন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, ‘রেলের যে সেবার মান যাত্রীরা এখন দেখছেন, তা আমরা যেকোনো মূল্যে ধরে রাখতে চাই। ভবিষ্যতে এই সেবার মান আরো উন্নত হবে। ঈদযাত্রার শেষ মুহূর্তে অনেক যাত্রী ছাদে উঠে যাতায়াতের চেষ্টা করেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এ প্রবণতা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে বিপুল যাত্রীর চাপে কখনো কখনো দু-একজন ছাদে উঠে যেতে পারেন।