ইরানের স্কুলে হামলা হাড়হিম করা বীভৎসতা : ফলকার তুর্ক

Printed Edition
onno-2
ইরানের স্কুলে হামলা হাড়হিম করা বীভৎসতা : ফলকার তুর্ক

আলজাজিরা

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যদিও তারা এর দায় স্বীকার করেনি। গত ২৮ ফেব্রুয়ারি ‘শাজারাহ তাইয়েবাহ’ এলিমেন্টারি স্কুলে চালানো এই বর্বরোচিত হামলায় ১৭৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের বেশির ভাগই ছিল শিশু ও তাদের শিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে জেনেভায় জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে এক আবেগঘন ও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক মিনাব ট্র্যাজেডিকে ‘ভিসারাল হরর’ বা হাড়হিম করা এক বীভৎসতা হিসেবে বর্ণনা করেছেন। জেনেভায় কাউন্সিলে দেয়া ভাষণে তিনি বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের বোমাবর্ষণ অমানবিক। যারা এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে, এর সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত করার দায়ভার তাদেরই নিতে হবে। তিনি আরো বলেন, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলাটি নিয়ে তদন্ত চলছে। আমি দাবি জানাই, এই প্রক্রিয়া যেন দ্রুত শেষ করা হয় এবং এর ফলাফল জনসমক্ষে আনা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতেই হবে।

ইরান, চীন ও কিউবার অনুরোধে আয়োজিত জাতিসঙ্ঘের এই জরুরি অধিবেশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কঠোর ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আক্রমণ করেছেন। তার বক্তব্যের মূল বিষয়গুলো ছিল:

১. যেদিন এই হামলা চালানো হয় (২৮ ফেব্রুয়ারি), সেদিনই ইরান ও যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনায় ব্যস্ত ছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল আলোচনার টেবিল ভেস্তে দিয়ে গত ৯ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

২. তিনি এই সঙ্ঘাতকে দুটি পারমাণবিক অস্ত্রধারী গুণ্ডা শাসনব্যবস্থার চাপিয়ে দেয়া একটি অবৈধ ও নৃশংস যুদ্ধ হিসেবে অভিহিত করেন।

৩. মিনাবের বালিকা বিদ্যালয়ে চালানো এই হামলাকে তিনি ‘ঠাণ্ডা মাথার পরিকল্পিত আগ্রাসন’ বলে উল্লেখ করেন, যেখানে শিশুদের কোনো অপরাধ ছাড়াই প্রাণ দিতে হয়েছে।

মিনাব হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে সাধারণ মানুষ বিচার দাবি করছেন। বিশেষ করে দক্ষিণ ইরানে শোকের মাতম চলছে। জাতিসঙ্ঘে ইরানের পক্ষ থেকে পেশ করা তথ্যে জানানো হয়েছে, এটি কেবল একটি সামরিক হামলা ছিল না, বরং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর একটি পরিকল্পিত পদক্ষেপ।

বিশ্লেষকদের মতে, মিনাব ট্র্যাজেডি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কূটনৈতিক আলোচনার মধ্যেই এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।