এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
ভ্রমণকাহিনি : প্রবাস বন্ধু
Printed Edition
মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘ভ্রমণকাহিনি: প্রবাস বন্ধু’ থেকে আরো ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : ‘পছন্দ না হয়, আবদুর রহমানের গর্দান তো রয়েছে?’ কথাটি ব্যাখ্যা করো।
উত্তর : প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা আবদুর রহমান যে এক কথার লোক সেটাই বোঝানো হয়েছে।
আবদুর রহমানের কাছ থেকে টানা সাত দিন জানালার পাশে বসে বরফের পতন দেখার কথা শুনে অত্যন্ত বিস্মিত হন লেখক। তর কাছে বিষয়টি নিতান্তই অবাস্তব বলে মনে হয়। কিন্তু আবদুর রহমান নিজের কথায় অটল থাকে। আলোচ্য কথাটির মাধ্যমে বুঝিয়ে দেয়, সে বাজে কথা বলার লোক না। বরফ পড়ার সৌন্দর্যে লেখক অবশ্যই মুগ্ধ হবেন।
প্রশ্ন : পানশির সম্পর্কে আবদুর রহমান লেখককে যা বললেন, তা বিস্তারিত লেখ।
উত্তর : আবদুর রহমান লেখককে পানশিরের মানুষ ও পরিবেশের মনোজ্ঞ বর্ণনা দিল।
পানশির উত্তর আফগানিস্তানে অবস্থিত। আবদুর রহমানের নিজের জায়গা। আবদুর রহমানের ভাষায় সেখানে আস্ত একটা দুম্বা খেয়ে এক ঢোক পানি খেলেই আবার ক্ষিধে পায়। আকাশের দিকে তাকিয়ে লম্বা একটা দম নিলেই তাজি ঘোড়ার সাথে বাজি রেখে ছোটা যায়। পানশিরের মানুষ যেন পায়ে হাঁটে না, বাতাসে ভর করে উড়ে চলে। শীতকালে এত বরফ পড়ে যে পথঘাট, মাঠ, পাহাড়, নদী সব বরফে ঢাকা পড়ে যায়। সব কাজ বন্ধ থাকে।
প্রশ্ন : ‘হ্যাঁ, আবদুর রহমান তোমার কথাই সই।’ কথাটি লেখক কেন বলেছেন? বুঝিয়ে লেখো।
উত্তর : আবদুর রহমানের বর্ণনা মতে শীতকালীন সময় পানশিরে কাটাবেন বলে লেখক আলোচ্য উক্তিটি করেছেন।
আবদুর রহমানের বর্ণনা, ‘পানশিরে শীতকালে সে কী বরফ পড়ে! বাইরে দেখবেন বরফ পড়ছে, পড়ছে, পড়ছে দুই দিন, তিন দিন, পাঁচ দিন, সাত দিন ধরে। আপনি জানালার ধারে বসেই আছেন, আর দেখছেন চে তৌর বর্ফ ববারদ- কী রকম বরফ পড়ে। তখন লেখক বলেন, হ্যাঁ, আবদুর রহমান তোমার কথাই সই। শীতকালটা আমি পানশিরেই কাটাব। কারণ ‘তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে?’