কান উৎসবে রেড সি সমর্থিত তিন সিনেমা
Printed Edition
বিনোদন প্রতিবেদক
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’ তার ৭৯তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। সম্প্রতি ২০২৬ সালের এই আসরের জন্য অফিসিয়াল সিলেকশন বা চলচ্চিত্র তালিকা উন্মোচন করা হয়েছে। এবারের তালিকায় অন্যতম চমক হিসেবে থাকছে সৌদি আরবের ‘রেড সি ফিল্ম ইনিশিয়েটিভ’-এর অর্থায়নে নির্মিত তিনটি চলচ্চিত্র, যা মধ্যপ্রাচ্যের সিনেমার ক্রমবর্ধমান প্রভাবকে বিশ্বমঞ্চে আরো একবার প্রমাণ করল।
উৎসবের সবচেয়ে কাক্সিক্ষত ‘অফিসিয়াল কম্পিটিশন’ বা মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে খ্যাতিমান ইরানি পরিচালক আসগর ফারহাদির নতুন চলচ্চিত্র ‘প্যারালাল টেলস’। সিনেমাটি মূলত কিংবদন্তি নির্মাতা ক্রিস্তফ কিসলোভস্কির বিখ্যাত কাজ ‘ডিকালগ সিক্স’-এর রিমেক। এই বিশাল আয়োজনে অভিনয় করেছেন ইজাবেল হুপার্ট, ভিনসেন্ট ক্যাসেল এবং ক্যাথরিন ডেনেভের মতো বিশ্বখ্যাত একঝাঁক তারকা।
উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ ‘আন সার্টেইন রিগার্ড’-এ জায়গা করে নিয়েছে ফিলিস্তিনি বংশোদ্ভূত নির্মাতা রাকান মায়াসির ‘ইয়েস্টারডে দ্য আই ডিডন্ট সিøপ’ এবং রুয়ান্ডার পরিচালক মারি-ক্লেমেন্টিন দুসাবেজাম্বোর ‘বেনিমানা’। এই দু’টি চলচ্চিত্রসহ মোট তিনটি সিনেমা রেড সি ফিল্ম ফান্ডের সহযোগিতায় নির্মিত হয়েছে। আগামী ১২ মে অভিনেত্রী আই হাইদারার সঞ্চালনায় পর্দা উঠবে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে পিয়েরে সালভাদোরির ১৯২০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ (দ্য ইলেকট্রিক কিস)।
এবারের আসরে আরো একটি বড় আকর্ষণ হলো হলিউড মেগাস্টার জন ট্রাভোল্টার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। তার পরিচালিত প্রথম সিনেমা ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে কান প্রিভিয়ার সিলেকশন বিভাগে। বিশ্ব চলচ্চিত্রের নানা প্রান্তের গল্প নিয়ে সাজানো এই উৎসবটি ঘিরে ইতোমধেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।