নূরুল ইসলাম বুলবুলের জনতার ইশতেহার ঘোষণা
Printed Edition
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল শুক্রবার সকালে পদ্মা নদীর তীরে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে তার নির্বাচনী জনতার ইশতেহার ঘোষণা করেছেন।
চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবী এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কৃষক, শ্রমিক, নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইশতেহারে নূরুল ইসলাম বুলবুল তথ্যপ্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দারিদ্র্য বিমোচন, তরুণ ও নারীদের জন্য কারিগরি শিক্ষা সম্প্রসারণ, সুদবিহীন কৃষি ঋণ, শিল্প-কারখানা ও ইপিজেড স্থাপন, শ্রমিকের ন্যায্য মজুরি এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধ, সন্ত্রাসমুক্ত পরিবেশ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণাও দেয়া হয়। ইশতেহারে মোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করা হয়, যা বাস্তবায়নের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।