ইসরাইলের কর্মকাণ্ডে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে : এরদোগান
Printed Edition
টিআরটি ওয়ার্ল্ড
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, ইসরাইল মধ্যপ্রাচ্যসহ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার তৎপরতা ক্রমশ বাড়িয়ে চলেছে। কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল সাবাহর সাথে এক ফোনালাপে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। এরদোগান বলেন, বিচ্ছিন্নতাবাদী সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে ইসরাইল ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিঘিœত করছে।
তিনি সোমালিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কুয়েতি যুবরাজের সাথে আলাপকালে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নানা সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরদোগান জানান, তুরস্ক ও কুয়েতের মধ্যে বিদ্যমান সম্পর্ক সব ক্ষেত্রে আরো শক্তিশালী করতে আঙ্কারা কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে এই সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। গাজা পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তুর্কিয়ে প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর গাজার পুনর্গঠনপ্রক্রিয়া দ্রুত শুরু হবে। এই মানবিক ও অবকাঠামোগত পুনর্গঠনপ্রক্রিয়ায় তুরস্ক ও কুয়েতের মধ্যকার পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।