তিন জেলায় নিহত ৩

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় এক ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন।

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে গতকাল দুই অটোরিকশা ভ্যানের সংর্ঘষে মো: সেকেন্দার আলী (৬৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। উপজেলার বালিঘাটা ইউনিয়নের পুটারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক একই ইউনিয়নের আটুল গ্রামের মৃত হাজেম মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সেকেন্দার পাঁচবিবি বাজার থেকে যাত্রী নিয়ে নিজ বাড়ির দিকে যাওয়ার পথে পুটারবিল নামক এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই অপর একটি ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় সেকেন্দার আলী বুকে আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথে তার মুত্যু হয়।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় তোফাজ্জল হোসেন (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার কোর্টভবন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে পৌরসভার কোর্টভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে যান। এ সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত তোফাজ্জল হোসেন পাশের ত্রিশাল উপজেলার রায়ের গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ভাই ভাই ডিজিটাল প্রেসের পার্টনার হিসেবে ব্যবসা করে আসছিলেন।

বগুড়া অফিস জানায়, বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৪২) নামের এক বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার পৌরসভার বৈলগ্রাম এলাকায় হাটকড়ই-ওমরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম উপজেলার সিধইল পশ্চিমপাড়া গ্রামের মৃত মনসুর আলী মাস্টারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জাহিদুল ইসলাম অটোভ্যান নিয়ে বৈলগ্রামের আইয়ুব আলীর বাড়ির সামনে সড়কের উপর অবস্থান করছিলেন। এ সময় হাটকড়ইয়ের দিক থেকে আসা চাল বোঝাই একটি ট্রাক ভ্যানটির পেছনে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়।