সিলেটে আইনজীবী হত্যায় ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সিলেট ব্যুরো
Printed Edition

সিলেটে ২০১১ সালে সংঘটিত প্রবীণ আইনজীবী শামসুল ইসলাম চৌধুরী হত্যা মামলায় তার ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরেক আসামিকে তিন বছরের সাজা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো: শাহাদত হোসেন প্রামাণিক এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নিহতের ছেলে মাসুদ আহমদ চৌধুরী মুন্না, তার সহযোগী জাহের আলী ও আনসার আহমদ।

বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো: আনছারুজ্জামান জানান, ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে নামাজরত অবস্থা প্রবীণ আইনজীবী শামসুল ইসলাম চৌধুরীকে তার ছেলে মাসুদ আহমদ চৌধুরী মুন্না পেছন থেকে প্রথমে পাথর দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেললে চেতনানাশক ইনজেকশন দিয়ে আইনজীবীকে অচেতন করে গাড়িতে তুলে সুনামগঞ্জের ছাতকের মল্লিকপুর এলাকার সুরমা নদীতে ফেলে দেয়া হয়।

এর কয়েকদিন পর সুনামগঞ্জের ব্রাহ্মণগাঁও গ্রামে সুরমা নদীতে ওই আইনজীবীর লাশ পাওয়া যায়। এ ঘটনায় মুন্নাকে গাড়িচালকসহ তিনজন সহযোগিতা করেন।

মামলার রায়ে ছেলে মাসুদ আহমদ চৌধুরী মুন্না, তার সহযোগী জাহের আলী ও আনসার আহমদকে মৃত্যুদণ্ড এবং গাড়িচালক বোরহান উদ্দিনকে তিন বছরের সাজা দেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। মামলার ৩০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষ্য দেন।

অ্যাডভোকেট আনছারুজ্জামান আরো জানান, নিহত অ্যাডভোকেট শামসুল ইসলাম চৌধুরীর চার মেয়ে, দুই ছেলে। বড় ছেলে মাহমুদ আহমদ চৌধুরী এই মামলার বাদি। বাদি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম এহিয়া চৌধুরী সোহেল।