রিকশাচালকদের তাণ্ডবে উত্তরা রণক্ষেত্র
Printed Edition
- রাতভর উত্তেজনা হামলা-অগ্নিসংযোগ
- মার্কেটের সামনে রিকশার পার্কিং নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি
- রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ ভুয়া
রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্স ঘেরাও করে বিক্ষুব্ধ রিকশা ও অটোরিকশা চালকরা। এ সময় হট্টগোল, মব সৃষ্টি করে শপিং মলের মালামাল লুটের ঘটনা ঘটে। গত রোববার উত্তরা ১১ নম্বর সেক্টরের ‘উত্তরা স্কয়ার’ শপিং মলের সামনে রাতভর এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলের কাছেই উত্তরা পশ্চিম থানা। এত বড় ঘটনা ঘটলেও পুলিশের কোনো উপস্থিতি লক্ষ করা যায়নি।
গতকাল সোমবার এ বিষয়ে জানতে চাইলে উত্তার পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনা ভুয়া। মব সৃষ্টি করে শপিং মলের মালামাল লুটের ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ঘটনার বর্ণনা দিয়ে ওসি আরো বলেন, ঘটনার সূত্রপাত হয় উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সের সামলে একটি রিকশা পার্কিং করলে ওখানকার নিরাপত্তাকর্মী রিকশাচালককে চলে যেতে বলেন। রিকশা চালক না গেল তার রিকশার পেছনে লাঠি দিয়ে বারি দেন। এ নিয়েই ঘটনার সূত্রপাত। এরপর একাধিক রিকশা ও অটোরিকশা চালকরা মার্কেটের সামনে হট্টগোল করেন। কিছুক্ষণের মধ্যে এলাকাবাসী ও রিকশাচালকরা মিলে মব সৃষ্টি করে। এই ঘটনা খুব অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে গত রোববার রাতে শুরু হওয়া এই সহিংসতা ও দফায় দফায় সংঘর্ষে উত্তরার ১১ নম্বর সেক্টরসহ আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল দুপুর পর্যন্ত ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে রোববার রাতে এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে যায়নি বলেও অভিযোগ ওঠে।
বিক্ষুব্ধ রিকশাচালকদের দাবি, রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ‘উত্তরা স্কয়ার’ শপিং মলের সামনে এক রিকশাচালককে পিটিয়েছেন ভবনের নিরাপত্তা প্রহরীরা। স্থানীয়দের অভিযোগ, আহত রিকশাচালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয় বলে গুজব ছড়ায়। এতে উপস্থিত জনতা আরো বিক্ষুব্ধ হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা উত্তরা স্কয়ার শপিং মলে ব্যাপক ভাঙচুর চালায়। বিক্ষোভের রেশ ধরে চালকরা উত্তরা পশ্চিম থানায় গিয়েও হামলা চালায় এবং ভবনের সামনে রাখা যানবাহনে অগ্নিসংযোগ করে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।
রাতের উত্তেজনার রেশ গতকাল সোমবার সকালেও কাটেনি। রিকশাচালকরা উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। এতে করে উত্তরা হয়ে বিমানবন্দর ও টঙ্গীমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।