বেইজিংয়ে তাইওয়ানের বিরোধী দলীয় নেতাকে উষ্ণ সংবর্ধনা
Printed Edition
বিবিসি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের প্রধান বিরোধী দলের নেতা চেং লি-উন’কে বেইজিংয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তাইওয়ানের কোনো রাজনীতিকের সাথে চীনা প্রেসিডেন্টের বিরল এ বৈঠকে উভয় পক্ষই তাইওয়ান প্রণালীর এপার-ওপারের সম্পর্কে শান্তি প্রতিষ্ঠার জোর আকাক্সক্ষা ব্যক্ত করেছেন। এক দশকের মধ্যে চেং-ই হলেন থকুওমিনতাংয়ের (কেএমটি) প্রথম প্রধান যিনি চীন সফর করছেন।
তাইওয়ানে ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) সাই ইং-ওয়েন প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৬ সালে বেইজিং স্বশাসিত দ্বীপটির সাথে উচ্চপর্যায়ের সব যোগাযোগ বন্ধ করে দেয়। সাই ‘এক চীন’ নীতিকে স্বীকৃতি দিতে রাজি না হওয়ায় এ পদক্ষেপ নেয় তারা। চেং’কে বেইজিংয়ের ‘অনুগত’ আখ্যা দিয়ে তার সফরের সমালোচনা যারা করছে, তাদের মধ্যেও ডিপিপি আছে।
চীন তাইওয়ানকে তার নিজের ভূখ-ের অংশ মনে করে। দ্বীপটিকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করতে ‘প্রয়োজনে বলপ্রয়োগের’ সম্ভাবনাও খারিজ করছে না তারা। “আমাদের দু’জনেরই মাতৃভূমির শান্তি ও স্থিতিশীলতার সুরক্ষায়, দুই পারের সম্পর্কের শান্তিপূর্ণ অগ্রগতি এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ ভাগাভাগি করে নেয়ার সুযোগ করে দিতে আজ আমাদের দুই দলের নেতারা বৈঠক করছেন,” শুক্রবার চীনের গ্রেট হল অব্য দ্য পিপলে বৈঠকে এমনটাই বলেন শি।