সবজি বিক্রেতাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

Printed Edition

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে করিম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ সবজি বিক্রেতাকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ৯টার দিকে ভুরুঙ্গামারী ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত করিম উদ্দিন জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, গত শনিবার রাতে বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন করিম উদ্দিন। বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং সাথে থাকা সবজি বিক্রির ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের হোসেন জানান, আহত ব্যক্তির শরীরে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও সেলাই শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভুরঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পাওয়ার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।