ঈদ উপলক্ষে ট্রেনযাত্রীদের সহায়তায় রাসিক

Printed Edition

রাজশাহী ব্যুরো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে প্রথমবারের মতো ট্রেনযাত্রী সহায়তা কার্যক্রম গ্রহণ করেছিল রাসিক। ঈদের আগে ও পরে মোট ৯ দিনব্যাপী যাত্রী সহায়তার ব্যতিক্রমী প্রশংসনীয় এই কার্যক্রম শেষ হলো গতকাল শনিবার।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২০ মার্চ রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ঘরমুখো ট্রেনযাত্রীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন কাজের সহায়তায় রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে ২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন তিনটি শিফটে ২৪ ঘণ্টা সিটি করপোরেশনের ১২ জন করে ৩৬ জন শ্রমিক নিয়োজিত ছিল। মূলত রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে আগত যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন, যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধসহ যাত্রীসেবায় রেলকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন কর্মীরা সার্বক্ষণিক যাত্রীসহায়তা সেবা প্রদান করেছে।

রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে যাত্রীসহায়তা সেবা পেয়ে খুশি যাত্রীরা।

ঈদ শেষে ঢাকা কর্মস্থল ফেরতগামী যাত্রী মো: আলমগীর হোসেন বলেন, ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে ঢাকায় ফিরছি। পরিবার সদস্যদের অনেকগুলো ব্যাগ টানাটানি করতে হিমশিম খাচ্ছিলাম। সে সময় এগিয়ে আসেন সিটি করপোরেশনের কর্মীরা। ব্যাগ, লাগেজ ইত্যাদি তারা ট্রেনে তুলে দিয়েছে। অনেক বড় উপকার হলো। যাত্রীসেবার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

আরেক যাত্রী বেসরকারি চাকরিজীবী সুমি খাতুন বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশনে বিনামূল্যে যাত্রীসহায়তা কার্যক্রম অনেক প্রশংসার দাবিদার। আশা করি এই উদ্যোগ আগামীতে চলমান থাকবে। রাজশাহী সিটি যে অন্যদের থেকে ব্যতিক্রম সেটি আবারো প্রমাণ হলো। আমি সিটি করপোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্টদের ধন্যবাই জানাই।