গুলশানে ফ্ল্যাট জালিয়াতি
টিউলিপ সিদ্দিক মামলায় গেজেট প্রকাশ পিছিয়েছে
Printed Edition
আদালত প্রতিবেদক
রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির হওয়ার জন্য গেজেট প্রকাশের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। আদালত আগামী ৮ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছেন।
গতকাল রোববার সকালে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো: সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক (সার্বিক) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ মার্চ আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেট প্রকাশের নির্দেশ দেয়া হয়েছিল। তবে ঈদের ছুটির কারণে নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ সম্ভব হয়নি। ফলে আদালত নতুন করে ৮ এপ্রিল তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই অবৈধভাবে ঢাকার গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল করে পরে সেটি রেজিস্ট্রি করেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ এপ্রিল দুদক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো: খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। তদন্ত চলাকালে শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট করলে তার বিষয়ে তদন্ত তিন মাসের জন্য স্থগিত করা হয়। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ পায়।
সবশেষে, গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দুদক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।