দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নারী-শিশুসহ নিহত ১৩
Printed Edition
এএফপি
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন। গতকাল শুক্রবার হাব্বুশ শহরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলি সেনাবাহিনী যে শহরটিতে সরে যাওয়ার নির্দেশ (ইভাকুয়েশন অর্ডার) দিয়েছিল, সেখানেও হামলা চালানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় এক শিশু ও দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। এ ছাড়া জারারিয়েহ শহরে পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দু’জন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। মন্ত্রণালয় আরো জানায়, উপকূলীয় শহর টায়ারের কাছের আইন বাল গ্রামে একটি হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী হাব্বুশ শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়ার পর সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন এএফপির একজন আলোকচিত্রী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, সরে যাওয়ার সতর্কতা জারির ‘এক ঘণ্টারও কম সময়ের মধ্যে’ ইসরাইলি যুদ্ধবিমান থেকে দফায় দফায় তীব্র হামলা চালানো হয়।
শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ১০৩ জন জরুরি উদ্ধারকর্মী ও প্যারামেডিক রয়েছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির আন্ডার-সেক্রেটারি জেনারেল জাভিয়ের কাস্তেলানোস জানান, লেবাননে রেড ক্রসের স্বেচ্ছাসেবকরা যখন কোনো অভিযানে যান, তখন তারা প্রাণের ভয়ে থাকেন। ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে লেবানিজ রেড ক্রসের দু’জন প্যারামেডিকও রয়েছেন। কাস্তেলানোস বলেন, ‘একজন মানুষ জীবন বাঁচানোর চেষ্টা করছেন, মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করছেন, তাকে লক্ষ্যবস্তু করা, হত্যা করা, এটা একেবারেই অগ্রহণযোগ্য।’