কাউখালীতে মাচানে টমেটো চাষ ৫০ হাজার খরচে লাখ টাকা লাভ

Printed Edition
bangla-3
কাউখালীতে মাচানে টমেটো চাষ ৫০ হাজার খরচে লাখ টাকা লাভ

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী উপজেলায় চলতি মৌসুমে টমেটোর বাম্পার ফলন হয়েছে। মাচান পদ্ধতিতে টমেটো চাষ করে ভালো উৎপাদন ও বাজারমূল্য পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। বিশেষ করে রমজান মাসে বাজারে টমেটোর চাহিদা ও দাম ভালো থাকায় কৃষকরা বাড়তি লাভের আশা করছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, বাঁশের খুঁটি দিয়ে তৈরি মাচানে লতিয়ে উঠেছে সবুজ টমেটো গাছ। পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকা থোকা লাল টুকটুকে টমেটো। এসব টমেটো পরিচর্যায় কৃষকরা দিনরাত পরিশ্রম করছেন।

চিড়াপাড়া ইউনিয়নের কৃষক রনি হাওলাদার ও মিন্টু চন্দ্র দাস জানান, এ বছর তারা প্রায় ৫০ শতাংশ জমিতে মাচান পদ্ধতিতে টমেটো চাষ করেছেন। এই পদ্ধতিতে টমেটো পেকে পচে যাওয়ার আশঙ্কা কম থাকে এবং তুলনামূলক কম পরিচর্যায় ভালো ফলন পাওয়া যায়। বর্তমানে বাজারে প্রতি মণ টমেটো প্রায় ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

তারা জানান, ইতোমধ্যে তাদের জমি থেকে প্রায় ৪৫ মণ টমেটো বিক্রি করা হয়েছে এবং গাছে আরো প্রায় ৫০ মণ টমেটো রয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় লাখ টাকার টমেটো বিক্রি হবে বলে আশা করছেন তারা। উৎপাদন খরচ প্রায় ৫০ হাজার টাকা হওয়ায় সব খরচ বাদ দিয়ে প্রায় এক লাখ টাকা লাভ হবে বলে জানিয়েছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পরামর্শ ও সহায়তায় তাদের উৎপাদন খরচও কম হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় দেশীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের টমেটো চাষ হচ্ছে। এর মধ্যে বিজলি-১১, সুলতান সলেমান, মিন্টু সুপার, ভিএল, বিপুল প্লাস ও মেটাল জাত উল্লেখযোগ্য।

কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার জানান, বর্তমানে অধিকাংশ কৃষক মাচান বা খুঁটি পদ্ধতিতে টমেটো চাষ করছেন। এতে সেচ, সার ও কীটনাশক প্রয়োগ সহজ হয় এবং পোকামাকড়ের আক্রমণ কম থাকায় ফলনও ভালো হয়। এ বছর উপজেলায় প্রায় ৪৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর কাউখালীতে টমেটোর ভালো ফলন হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন। পাশাপাশি বিভিন্ন কৃষি প্রকল্পের প্রদর্শনীর সফলতার প্রভাবেও কৃষকরা টমেটো চাষে আরো আগ্রহী হয়ে উঠেছেন। উপজেলা কৃষি অফিস কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে।